স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩৩ এএম
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে মূল্যহ্রাসের প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও। তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।
শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
এর আগে গত ২ জুন সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফা দাম বৃদ্ধি করা হয়েছে এবং ৩৪ দফা কমানো হয়েছে।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুন : বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
এর আগে গত ২ জুন রুপার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়।
তখন ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা। ওই মূল্যও কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ৪২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২০ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং মাত্র ৩ বার হ্রাস পেয়েছিল।
