মাউশি ডিজির অতিরিক্ত দায়িত্বে সোহেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। ছবি : সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত সোহেলকে আর্থিক ক্ষমতাসহ এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ট্রেজারি ও সাবসিডিয়ারি রুলসের ভলিউম-১ এর বিধি ৬৬ অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তাকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিবের (পিএস) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, গত ছয় মাস ধরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এই গুরুত্বপূর্ণ সংস্থায় নিয়মিত কোনো মহাপরিচালক নেই।
অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ১৪ অক্টোবর তৎকালীন মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।
এর আগে একই বছরে নিয়োগ পাওয়া অধ্যাপক এহতেসাম উল হককে মাত্র ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে সংস্থাটির পরিচালক (কলেজ ও প্রশাসন) বি এম আবদুল হান্নান অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তবে গত ৯ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়।
