পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি রাজধানীর সরকারি বাঙলা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন কেন্দ্র পরিদর্শন সংশ্লিষ্ট ভিডিও ছবিতে দেখা যায়, মন্ত্রী বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা হলের জানালা দিয়ে ভিতরের পরিবেশ পর্যবেক্ষন করেন।
এছাড়াও পরীক্ষার হলের ভিতরে ঢুকে কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলেন।
প্রথমবারের মত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে এনটিআরসিএ আয়োজিত অষ্টম নিয়োগ পরীক্ষা-২০২৬ পরীক্ষায় ১১ হাজার ১৫১টি পদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ৩ হাজার ১৩১টি শূন্য পদ পূরণের লক্ষ্যে গত ২৫ মার্চ অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেন। তার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৪৭ হাজার ৩৫১ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৭১৮ জন।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, লিখিত পরীক্ষার ফলাফল ২২-২৩ এপ্রিলের দিকে প্রকাশিত হবে। প্রায় ৩৬ হাজার প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হবে। মৌখিক পরীক্ষা শেষ করতে দেড় মাস সময় লাগতে পারে।
