মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা সিনেমায় কী আছে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
বৈজ্ঞানিক কল্পকাহিনি ঘরানার জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘প্রোজেক্ট হেইল মেরি’ ইতোমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে। গত ২০ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমাটি উপভোগ করেন। এরপর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহল আরো বেড়েছে কী আছে এই সিনেমায়?
পরিচালক ফিলিপ অ্যান্ডারসন লর্ড ও ক্রিস্টোফার রবার্ট মিলারের যৌথ নির্মাণে তৈরি এই চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে রাইল্যান্ড গ্রেস নামের এক ব্যক্তিকে ঘিরে। তিনি একসময় কোমা থেকে জেগে উঠে নিজেকে আবিষ্কার করেন একটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশযানে। কিন্তু কীভাবে সেখানে পৌঁছেছেন তার কোনো স্মৃতি তার নেই।
পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন তিনি বুঝতে পারেন, মহাকাশযানের তিন সদস্যের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি তিনি। পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরের এক অজানা সৌরজগতে একা পড়ে যান তিনি। এই চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা রায়ান গসলিং।
গল্পে নতুন মোড় আসে যখন গ্রেসের সঙ্গে ‘রকি’ নামের এক ভিনগ্রহীর সাক্ষাৎ ঘটে। এরপর শুরু হয় একের পর এক রোমাঞ্চকর ও আবেগঘন ঘটনা, যা সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনির এই চলচ্চিত্রটি ২০২৬ সালের অন্যতম ব্যবসাসফল সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে। রায়ান গসলিংয়ের পাশাপাশি এতে অভিনয় করেছেন সান্ড্রা হুলার, জেমস অর্টিজ এবং লায়োনেল বয়েস।
