লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন সালাহ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুল ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষেই সাত বছরের সম্পর্কের ইতি টানছেন এই মিশরীয় ফুটবলার।
মঙ্গলবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালাহ বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আবেগঘন এই বার্তায় তিনি জানান, লিভারপুল তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা তিনি কখনো ভুলবেন না।
২০১৭ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা ছিলেন সালাহ। এখন পর্যন্ত লিভারপুলের হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
তার সময়ে লিভারপুল জিতেছে দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে তার অবদানে দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার পর লিগ শিরোপা জেতে দলটি।
এর আগে কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সালাহ। যদিও তিনি এখনও পরবর্তী গন্তব্য জানায়নি, তবে সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহ নিয়ে আলোচনা চলছে।
