তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে এ সংক্রান্ত মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত ২০ নভেম্বর সর্বোচ্চ আদালত এ বিষয়ে রায় ঘোষণা করেছিলেন।
বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম চালু হয় ১৯৯৬ সালে। সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরে ২০১১ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অবসান ঘটে।
আরো পড়ুন: ঈদে উপলক্ষে ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ
তবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১১ সালের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। এরপর বিষয়টি নতুন করে শুনানির জন্য গ্রহণ করে সর্বোচ্চ আদালত। শুনানি শেষে ত্রয়োদশ সংশোধনী বাতিলের আগের রায়কে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেন আদালত।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।
