ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আনছে সরকার, সংসদে রেলপথমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম
রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের বহর শক্তিশালী করতে এ বছর ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ আনা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিষয়টি উপস্থাপন করা হয়।
রেলপথমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। এসব কোচ হাতে পাওয়ার পর নতুন ট্রেন চালুর জন্য রুট নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
আরো পড়ুন : আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং তা গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
সরকারদলীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিবহনখাতে শৃঙ্খলা আনতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহনে জিপিএস প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে যানবাহনের অবস্থান ও গতি সহজে নজরদারি করা যাবে, ফলে অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র থামানোসহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি ট্রাফিক আইন ভঙ্গের ঘটনাও স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে ক্রয় কার্যক্রমে অযোগ্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
