যে কারণে এবার ভারতের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলো যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৫:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে ১০ বছরের জন্য দেশটির চাবাহার বন্দর পরিচালনার নিয়ে ভারতের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৩ মে) ইরানের চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব নেয় ভারত। এতেই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে, তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে।
জানা গেছে, সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলে ওয়াশিংটন।

বেদান্ত প্যাটেল বলেন, চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, সেই বিষয়ে আমরা অবগত। ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে আমার কিছু বলার নেই। তবে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়ে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে।
এরপর তিনি বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার কথা ভাবেন, তাহলে তাদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই কথাটা যেন তারা মনে রাখেন।
এদিকে বিবিসি জানায়, পাকিস্তান লাগোয়া ইরানের সীমান্তের কাছের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উন্নয়নের জন্য ইরান ও ভারত ২০১৬ সালে একটি চুক্তি করেছিলো। সোমবার বন্দরটির আরো উন্নয়নের জন্য ইরানের সঙ্গে দীর্ঘ ১০ বছর মেয়াদি চুক্তি সই করে ভারত। এ চুক্তি সইকে ‘ভারত-ইরান সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন ভারতীয় নৌপরিবহন মন্ত্রী ।
