শত্রুদের নিরাপত্তা শেষ করে দেয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তেহরানে চলতি সপ্তাহে এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার নিহত হওয়ার পর দেওয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে না, বরং দেশের জনগণের নিরাপত্তা জোরদার করা হবে।
গত ৯ মার্চ দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে বার্তা দিলেন মোজতবা খামেনি।
শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত ওই বার্তায় তিনি উল্লেখ করেন, ‘অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের নিরাপত্তা অস্বীকার করা হতে পারে এবং আমাদের নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
তাঁর এই বক্তব্যকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কঠোর নীতির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ইসরায়েলি হামলায় গত মঙ্গলবার রাতে ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত হন। এর একদিন আগে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরপর এসব হামলায় ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোয় বড় ধরনের ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন: হরমুজ প্রণালি থেকে টোল আদায় শুরু করেছে ইরান
প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের উদ্দেশে পাঠানো বার্তায় খামেনি ইসমাইল খাতিবকে দীর্ঘদিনের অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও নিরলস কর্মী হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, খতিবের অনুপস্থিতি পূরণে গোয়েন্দা সংস্থাকে দ্বিগুণ প্রচেষ্টা চালাতে হবে।
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান ইতোমধ্যে বহু জ্যেষ্ঠ কর্মকর্তা ও সামরিক কমান্ডারকে হারিয়েছে। এতে দেশটির নিরাপত্তা সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় মোজতবা খামেনি সামান্য আহত হলেও তিনি এখন সুস্থ আছেন।
