ইরান যুদ্ধে বড় আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: সংগৃহীত
ইরানের সাথে চলমান যুদ্ধে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের ধস নামার শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার (৩৫ বিলিয়ন শেকেল) ব্যয় হয়েছে। এই বিপুল ব্যয়ের বড় একটি অংশ সরাসরি সামরিক ও প্রতিরক্ষা খাতে খরচ হলেও বেসামরিক ও ব্যবসায়িক খাতেও ক্ষতির পরিমাণ নেহাত কম নয়।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই সংঘাতের ফলে দেশটির জাতীয় উৎপাদন বা জিডিপিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। যুদ্ধের কারণে রাষ্ট্রীয় ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে ইসরায়েলের অর্থনীতি আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, মোট ব্যয়ের সিংহভাগই চলে গেছে রণক্ষেত্রে। আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী), প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা সংস্থাসহ সামগ্রিক নিরাপত্তা খাতে খরচ হয়েছে ২ হাজার ২০০ কোটি শেকেল। এই বিপুল অংকের অর্থ ইতোমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতের বরাদ্দ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুধুমাত্র ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ক্ষয়ক্ষতি এবং ব্যবসায়িক মন্দা সামাল দিতেই নেতানিয়াহুর সরকারকে গুনতে হচ্ছে বড় অংকের অর্থ। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং কর্মীদের অবৈতনিক ছুটির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের বিপরীতে ক্ষতিপূরণ বাবদ ১ হাজার ২০০ কোটি শেকেল ব্যয় ধরা হয়েছে।
অন্যদিকে, জরুরি চিকিৎসা সেবা সচল রাখা, হাসপাতালের বাড়তি কার্যক্রম পরিচালনা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জরুরি সেবার মতো বেসামরিক খাতগুলোতে ব্যয় হয়েছে আরও ১০০ কোটি শেকেল।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি। সংঘাত দীর্ঘায়িত হলে এবং নিয়মিত উৎপাদন ব্যাহত হলে এই অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বাড়তে পারে।
