হাঙ্গেরিতে ১৬ বছরের অরবান শাসনের অবসান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ এএম
পিটার ম্যাজার ও ভিক্টর অরবান | ছবি- সংগৃহীত
হাঙ্গেরির জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে শোচনীয়ভাবে পরাজিত করে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে পিটার ম্যাজারের নেতৃত্বাধীন তিসা পার্টি। ১৬ বছর ধরে একটানা ক্ষমতায় থাকা অরবানের পরাজয় হাঙ্গেরির রাজনৈতিক ইতিহাসে এক বিশাল পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই ফলের মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিনের একচ্ছত্র শাসনের অবসান ঘটল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হাঙ্গেরির সংসদের ১৯৯টি আসনের মধ্যে পিটার ম্যাজারের তিসা পার্টি একাই ১৩৮টি আসনে জয়লাভ করেছে, যা দেশটিতে দলটির ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। অন্যদিকে, অরবানের দল ফিদেজ মাত্র ৫৫টি আসনে জয় পেয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে। নির্বাচনের ফল স্পষ্ট হওয়ার পরপরই এক বিবৃতিতে পরাজয় মেনে নিয়েছেন ভিক্টর অরবান। তিনি বিজয়ী তিসা পার্টিকে অভিনন্দন জানিয়ে বলেন, এখন থেকে তিনি বিরোধী দলে থেকেই দেশের সেবা করে যাবেন।
ফলাফল ঘোষণার পর রাজধানী বুদাপেস্টের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। নেচে-গেয়ে দীর্ঘদিনের রাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তটি উদ্যাপন করেন তারা। বিজয়ী ভাষণে পিটার ম্যাজার দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,‘এই জয় হাঙ্গেরির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করল।’ তিনি জনগণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দুর্নীতি দমন, সরকারি সেবার আধুনিকায়ন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে হাঙ্গেরির শীতল হয়ে পড়া সম্পর্ক পুনরায় উন্নয়নের জোরালো প্রতিশ্রুতি দেন।
হাঙ্গেরির এই রাজনৈতিক পালাবদল আন্তর্জাতিক মহলেও ব্যাপক গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নেতারা একে হাঙ্গেরিতে গণতন্ত্রের পুনর্জাগরণ ও ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন। অরবানের রক্ষণশীল শাসনের অবসানের ফলে ইউরোপীয় রাজনীতির সমীকরণেও বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
