হরমুজে ‘প্রচলিত শুল্ক’ আরোপ করবে না: ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ এএম
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর ইরান ‘প্রচলিত শুল্ক’ আরোপ করবে না বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই।
শনিবার (১৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইব্রাহিম রেজাই বলেন, ‘তেহরান প্রচলিত পদ্ধতিতে প্রণালীটি দিয়ে জাহাজ চলাচলের ওপর কোনো মাশুল আরোপ করবে না।’
তিনি বলেন, ‘ইরানের সংসদ বর্তমানে ‘প্রণালীটির নিরাপত্তা নিশ্চিতকরণ’ সম্পর্কিত মাশুল নির্ধারণকারী একটি খসড়া আইন প্রস্তুত করছে এবং এই জলপথ দিয়ে যাতায়াত শুধুমাত্র ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই সম্ভব হবে।’
মুখপাত্র বলেন, শত্রুভাবাপন্ন সামরিক জাহাজ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোকে কোনো অবস্থাতেই যেতে দেওয়া হবে না, তবে ইরানি বাহিনীর সঙ্গে পূর্ব সমন্বয় সাপেক্ষে মিত্র জাহাজগুলো যেতে পারবে।
তিনি আরো বলেন, ‘প্রণালীটির ব্যবস্থাপনা বা সুরক্ষায় আমেরিকার যেকোনো ভূমিকা ইরান প্রত্যাখ্যান করে।’
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ বলেছে, ‘ইরানি কর্মকর্তা মাহমুদ নাভাবিয়ান বলেছেন, কিছু বাণিজ্যিক জাহাজকে ফি প্রদানের পরেই হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দেওয়া হবে।
ট্রাম্প দুটি বিষয়ের মধ্যে কোনো যোগসূত্র অস্বীকার করলেও, নাভাবিয়ান এই উন্মোচনকে লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করেছেন।
