ইসরায়েলি বিমান হামলায় গাজায় শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি- সংগৃহীত
গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আদেল লাফি আল-নাজ্জার নামের ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দক্ষিণ গাজার এই এলাকায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার সকাল থেকে গাজার বিভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের পাশাপাশি উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবিরেও ভারি কামানের গোলা ও বিমান হামলা চালানো হয়েছে। উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে এক ফিলিস্তিনি নারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
গত অক্টোবর মাসে কথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে গাজায় ৮১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিরতিহীন এই সংঘাতের ফলে উপত্যকাজুড়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক হামলায় আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যার ফলে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ত্রাণ সংস্থাগুলো অবরুদ্ধ এই অঞ্চলে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে।
