আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের ক্ষেত্রে দূতাবাসের কঠোর বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া এখন থেকে ভিসার শর্তের পরিপন্থী হিসেবে গণ্য হবে। এই উদ্দেশ্যে কেউ ভিসার আবেদন করলে তা সরাসরি বাতিল করার ঘোষণা দিয়েছে মার্কিন দূতাবাস। আজ বুধবার সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। মার্কিন ভিসা নীতিমালার অপব্যবহার রোধে এই কঠোর অবস্থান নিয়েছে দেশটি।
দূতাবাসের পোস্টে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তির ভ্রমণের মূল লক্ষ্য যদি সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা হয়, তবে তা বর্তমান ভিসা নীতিমালার লঙ্ঘন। কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার বা তদন্তের মাধ্যমে এমন কোনো উদ্দেশ্য শনাক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তির পর্যটন ভিসা (বি-১/বি-২) আবেদন প্রত্যাখ্যান করবেন। মূলত জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তাদের নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ।
সতর্কবার্তায় আরও বলা হয়, আবেদনকারীদের কেবল প্রকৃত এবং সঠিক উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করতে হবে। ভিসা পাওয়ার জন্য ভুল তথ্য প্রদান বা শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। মার্কিন দূতাবাস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভিসার অপব্যবহার করলে ভবিষ্যতে তা আবেদনকারীর জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।
