কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, ব্যাপক উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি- সংগৃহীত
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় জুমার নামাজ আদায়ে পুলিশের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। পুলিশি বাধার মুখেও এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মূলত রাজাবাজার এলাকায় রাস্তায় নামাজ আদায় করা নিয়ে একদল মুসল্লির সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
শুক্রবার (১৫ মে) দুপুরে কলকাতার মুসলিম অধ্যুষিত রাজাবাজার ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
জুমার নামাজ আদায় করতে রাজাবাজার এলাকায় জড়ো হন মুসল্লিরা। এ সময় রাস্তায় কাতারবন্দি হলে পুলিশ বাধা দেয়। কারণ নতুন রাজ্য সরকারের জারি করা বিধান অনুসারে, রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা যাবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেকেই এখনও জারিকৃত নতুন নিয়মকানুন সম্পর্কে অবগত নন। বিধায় সড়ক আটকে নামাজের আয়োজন করছেন তরা।
কলকাতা পুলিশ বলছে, রাস্তা বন্ধ করে নামাজ আদায়ে বাধা দেওয়ায় মুসল্লিদের মধ্যে কয়েকজন যুবক রীতিমতো তেড়ে আসেন। তারা বলেন, ‘আমরা কিছু জানি না, রাস্তার উপরেই নামাজ পড়ব।’ এই ঘটনা ঘিরে মুসলিম অধ্যুষিত রাজাবাজারের ওই এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।
পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল রাস্তায় এভাবে নামাজ পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
