টাকার পাহাড়ে চাপা পড়েও গান থামেনি, ভিডিও ভাইরাল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের গুজরাটের জুনাগড় জেলার খাম্ভালিয়া গ্রামে এক ঐতিহ্যবাহী দাইরো (লোকসংগীতের আসর) চলছিল। বৃহস্পতিবার (১৪ মে) ভজন গায়ক গোপাল সাধু যখন হারমোনিয়াম বাজিয়ে একাগ্র হয়ে গান গাইছিলেন, তখন ভক্তরা তার ওপর লাখ লাখ টাকার নোট বৃষ্টির মতো ঢেলে দিতে শুরু করেন। একসময় টাকার স্তূপ এতটা উঁচু হয়ে যায় যে গায়ক প্রায় পুরোপুরি ঢাকা পড়ে যান।
ভিডিওতে দেখা যায়, গোপাল সাধু একটুও বিচলিত না হয়ে গান চালিয়ে যাচ্ছেন। টাকার পাহাড়ের নিচে চাপা থেকেও তিনি অবিরাম হারমোনিয়াম বাজিয়ে ভজন গেয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।
নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল নানা রকম। কেউ মজা করে লিখেছেন, 'এটাই আসল ওয়ার্ক ফ্রম হোম—বসে থাকো, আর টাকার বৃষ্টিতে ভিজো।' কেউ আবার উদ্বেগ প্রকাশ করে বলেন, টাকার নিচে চাপা পড়ে তিনি শ্বাস নিতে পারছেন তো? আরেকজন মন্তব্য করেন, আশা করি এই টাকার একটা অংশ অন্তত গরিব-দুস্থদের জন্য খরচ হবে।
গুজরাটে এ ধরনের 'নোট বৃষ্টি' নতুন কোনো ঘটনা নয়। ২০২৩ সালে ভালসাদ জেলায় গায়ক কীর্তিদান গাধভিরের ওপরও ১০, ২০, ৫০ ও ১০০ রুপির নোটের বৃষ্টি হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে নভসারিতে তার ওপরই প্রায় ৫০ লাখ টাকা ওড়ানো হয়। ২০১৭ ও ২০১৮ সালেও এমন কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তুলেছিল।
স্থানীয় ঐতিহ্য অনুসারে, এসব অনুষ্ঠানে সংগৃহীত টাকা সাধারণত মন্দির, সমাজসেবা কিংবা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়।
সূত্র: এনডিটিভি
