পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি- সংগৃহীত
নিজেদের ভূখণ্ডে রুশ পারমাণবিক অস্ত্র মোতায়েনের পর এবার সেগুলো রণক্ষেত্রে ব্যবহারের মহড়া শুরু করেছে বেলারুশের সশস্ত্র বাহিনী। আজ সোমবার (১৮ মে) বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মহড়া শুরুর কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গোলাবারুদ সরবরাহ এবং সেগুলো ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মহড়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েনে সেনাবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি যাচাই করা হবে।
মন্ত্রণালয় জানায়, মহড়ায় নিজেদের অবস্থান গোপন রাখা, দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের নিখুঁত হিসাব-নিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বেলারুশের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন ছাড়াও ন্যাটোভুক্ত তিনটি দেশের সীমান্ত রয়েছে।
ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পর, ২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রুশ কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিজের দেশে মোতায়েন করতে রাজি হন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অস্ত্র ব্যবহারের চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকবে মস্কোর হাতেই।
ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক শক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। পশ্চিমা দেশগুলো একে ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা না করার একটি সতর্কবার্তা হিসেবে দেখছে।
অবশ্য বেলারুশ জানিয়েছে, চলমান এই মহড়া অন্য কোনো রাষ্ট্রকে লক্ষ্য করে করা হচ্ছে না এবং এটি এই অঞ্চলের নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না।
