এবার ইরাকে হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি- প্রতীকী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতেও শত্রু পক্ষের বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইরান। প্রতিবেশী ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন-ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি।
সোমবার (১৮ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে এ তথ্য জানিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স।
আইআরজিসির সাইয়্যেদ আল-শুহাদা কমান্ড জানিয়েছে, তারা উত্তর ইরাকে সক্রিয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘প্রতিবিপ্লবী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ ওপর হামলা চালিয়েছে। গোষ্ঠীগুলো সিল করা আমেরিকান অস্ত্র ও গোলাবারুদের একটি বড় চালান পাচার করার চেষ্টা করছিল। এমতাবস্তায় ইরাকের কুর্দিস্তান প্রদেশে তাদের ওপর হামলা চালানো হয়। কমান্ডের মতে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক আক্রান্ত হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালায় তেহরান। তাদের দাবি, মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনাই আইআরজিসির লক্ষ্যবস্তু। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেসব উপসাগরীয় দেশ ‘প্রশ্রয়’ দেবে, তারা ইরানের লক্ষ্যবস্তু হওয়া থেকে রেহাই পাবে না।
এদিকে চলমান যুদ্ধবিরতি মধ্যে সংঘাত নিরসনে ওয়াশিংটনের কাছে সর্বশেষ সংশোধিত ১৪ দফার প্রস্তাব পাঠিয়েছে তেহরান। মধ্যস্থতাকারী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি তেহরান সফর করছেন। তিন দিনের এই সফরে তিনি ইরানের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে পাঁচটি শর্ত পাঠানো হয়েছিল।
ওই শর্তের মধ্যে রয়েছে–ইরানকে কেবল একটি পারমাণবিক স্থাপনা চালু রাখা এবং তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রে হস্তান্তর করার শর্ত। ইরানি গণমাধ্যমে ওয়াশিংটনের দাবিগুলোকে ‘অতিরিক্ত’ বললেও উভয় পক্ষের মধ্যে প্রস্তাব বিনিময় অব্যাহত রয়েছে। তেহরান বলছে, ইরানের দাবিগুলো আলোচক দল দৃঢ়ভাবে উপস্থাপন করেছে। যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এমন ইরানি দাবিও যৌক্তিক। কারণ, এই সংঘাত অবৈধ ও ভিত্তিহীন।
সূত্র: আলজাজিরা, তাসনিম, ইউরোনিউজ
