×

খেলা

অস্ত্রোপচারের পর আবেগঘন বার্তা স্প্যানিশ তারকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৩৩ পিএম

অস্ত্রোপচারের পর আবেগঘন বার্তা স্প্যানিশ তারকার

ছবি- সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে চোটের কারণে স্বপ্নভঙ্গের স্তব্ধতা কাটিয়ে অবশেষে মুখ খুলেছেন ফেরমিন লোপেজ। মেটাটারসাল ফ্র্যাকচারের (পায়ের পাতার হাড় ভাঙা) পর বার্সেলোনার এই স্প্যানিশ মিডফিল্ডারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মাঠের বাইরে ছিটকে যাওয়ার এই দুঃসময়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার আগে ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

লা লিগার একদম শেষ ম্যাচে পাওয়া চোটের পর ফেরমিন লোপেজের সফল অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। গত রোববার রিয়াল বেটিসের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচটিতে ডান পায়ের পঞ্চম মেটাটারসাল ভেঙে যাওয়ায় এই তরুণ মিডফিল্ডারকে অস্ত্রোপচার করাতে হয়। ওই ম্যাচে চোটের কারণে প্রথমার্ধ শেষেই তিনি মাঠ ছাড়েন।

বার্সার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডান পায়ের পঞ্চম মেটাটারসাল ফ্র্যাকচারের কারণে ফেরমিনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হসপিটাল দে বার্সেলোনা-তে ডক্টর আন্তোনি দালমাউ কোলের তত্ত্বাবধানে এবং ক্লাবের মেডিকেল সার্ভিসের পর্যবেক্ষণে এই অস্ত্রোপচার করা হয়। তার মাঠে ফিরতে কত দিন সময় লাগবে, তা পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর ভিত্তি করে পরে জানানো হবে।’

অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় নিজের হতাশা লুকিয়ে রাখেননি ২৩ বছর বয়সী এই তারকা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে স্পেন দল যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই এই চোট তাঁর মনে গভীর ক্ষত তৈরি করেছে।

নিজের পোস্টে ফেরমিন লিখেছেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। আমি এখনই আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার কথা ভাবছি—শারীরিক ও মানসিক, উভয় দিক থেকেই। জীবন আর ফুটবল—দুটোই বড্ড নিষ্ঠুর। বিশেষ করে যখন আপনি এটা সবচেয়ে কম আশা করবেন। তবে আপনাকে মেনে নিতেই হবে যে, এটাও এই যাত্রারই একটা অংশ।’

লোপেজ আরও যোগ করেন, ‘এটি আমার জন্য অত্যন্ত কঠিন সময় এবং ক্যারিয়ারের বড় চ্যালেঞ্জ। তবে কোনো সন্দেহ নেই যে, আমি এই বাধা কাটিয়ে উঠব। এখন বাড়ি বসে জাতীয় দল আর আমার সতীর্থদের সমর্থন জোগানোর সময়। যাঁরা পাশে থেকেছেন, তাঁদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।’

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৮ ম্যাচে ১৩টি গোল এবং ১৭টি অ্যাসিস্ট করেছেন লোপেজ। দুর্দান্ত এই ছন্দের কারণে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের শুরুর একাদশে তার জায়গা পাওয়ার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু আগামী জুনে টুর্নামেন্ট শুরু হওয়ার মুখে, এই চোটের কারণে তার বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় তিন মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে লোপেজকে। ফলে বিশ্বফুটবলের এই মহাযজ্ঞ তো বটেই, এমনকি বার্সেলোনার পুরো প্রাক-মৌসুম প্রস্তুতিও মিস করবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আড়াই কোটি ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করলো সিরিয়া

আড়াই কোটি ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করলো সিরিয়া

হাতিরঝিলে হেরোইন উদ্ধারের মামলায় যাবজ্জীবন

হাতিরঝিলে হেরোইন উদ্ধারের মামলায় যাবজ্জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App