মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:০২ পিএম
ছবি- সংগৃহীত
পারস্য উপসাগরের কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী দুটি বিশাল ট্যাংকার। কাতার থেকে এলএনজি বোঝাই করে ট্যাংকার দুটি এখন পাকিস্তান ও চীনের দিকে এগিয়ে চলেছে।
আজ সোমবার (২৫ মে) আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজ চলাচল ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
এলএসইজি এবং ক্লেপারের শিপিং তথ্য অনুযায়ী, বাহামার পতাকাবাহী এলএনজি ট্যাংকার ‘ফুওয়াইরিত’ আজ হরমুজ প্রণালি অতিক্রম করছে। আগামীকাল মঙ্গলবার জাহাজটির পাকিস্তানে পণ্য খালাস করার কথা রয়েছে। এর আগে গত ২৮ মার্চ কাতারের রাস লাফান বন্দর থেকে এলএনজি লোড করেছিল জাহাজটি।
এদিকে কাতার এনার্জির অপর এলএনজি ট্যাংকার ‘আল–রাইয়ান’ও হরমুজ প্রণালি অতিক্রম করে গেছে। কাতারের রাস লাফান বন্দরে লোড করা এই কার্গো জাহাজটিকে সর্বশেষ গত ২২ মে পারস্য উপসাগরে দেখা গিয়েছিল। শিপিং তথ্য অনুযায়ী, আগামী ২৭ জুন চীনে পণ্য খালাস করার কথা রয়েছে জাহাজটির।
অন্যদিকে, ‘ইগল ভেরোনা’ নামের একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ারও গত শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এই জাহাজটি আগামী ১২ জুন পূর্ব চীনের নিংবো বন্দরে পৌঁছে তেল খালাস করবে বলে ধারণা করা হচ্ছে।
এশিয়ার বৃহত্তম রিফাইনার সিনোপেকের বাণিজ্য শাখা ‘ইউনিপেক’ এই জাহাজটি ভাড়া করেছে। গত ২৬ ফেব্রুয়ারি জাহাজটি বসরাহ ক্রুডের প্রায় ২০ লাখ ব্যারেল তেল লোড করেছিল। সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, মালয়েশিয়া যে সাতটি জাহাজের জন্য ইরানের কাছ থেকে প্রণালি অতিক্রমের অনুমতি চেয়েছিল, ইগল ভেরোনা সেগুলোর একটি। এই সাতটির মধ্যে পাঁচটি জাহাজ ইতিমধ্যে হরমুজ প্রণালি পার হয়ে গেছে এবং বাকি দুটি এখনো উপসাগরে অবস্থান করছে।
