স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি- সংগৃহীত
আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত এই স্কোয়াডে বড় চমক রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের জায়গা না পাওয়া।
স্পেনের এবারের বিশ্বকাপ দলে জায়গা হয়নি সবশেষ ইউরোতে দলকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ স্ট্রাইকার এবং নিয়মিত অধিনায়ক আলভারো মোরাতার। অন্যদিকে, পায়ের হাড় ভেঙে যাওয়ায় গত সপ্তাহে সফল অস্ত্রোপচার হয়েছে বার্সেলোনার অলিম্পিক হিরো ফের্মিন লোপেজের। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই মিডফিল্ডারও।
তবে স্প্যানিশ শিবিরের জন্য স্বস্তির খবর হলো, ইনজুরিতে থাকা সত্ত্বেও দলে রাখা হয়েছে তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে। লুইস দে লা ফুয়েন্তের এই স্কোয়াডের মূল চালিকাশক্তি ভাবা হচ্ছে ইয়ামালকেই। অবশ্য চোটের কারণে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে মাঠের বাইরেই থাকতে হচ্ছে এই তরুণ তুর্কিকে।
মাঝমাঠে স্পেনের শক্তি বাড়াচ্ছেন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির তারকারা। যথারীতি মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকছেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি (রদ্রিগো হার্নান্দেজ), গাভি এবং পেদ্রি।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেতিক বিলবাও), দাভিদ রায়া (আর্সেনাল), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা)
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া (চেলসি), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), পাউ কুবারসি (বার্সেলোনা), আইমেরিক লাপোর্ত (অ্যাথলেতিক বিলবাও), মার্ক পুবিল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস ইয়োরেন্তে (অ্যাতলেতিকো মাদ্রিদ), পেদ্রো পোরো (টটেনহ্যাম হটস্পার)
মিডফিল্ডার: পেদ্রি (বার্সেলোনা), ফাবিয়ান রুইজ (পিএসজি), মার্তিন জুবিমেন্দি (আর্সেনাল), গাভি (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স বায়েনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), মিকেল মেরিনো (আর্সেনাল)
ফরোয়ার্ড: মিকেল ওইয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), দানি ওলমো (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), ফেরান তরেস (বার্সেলোনা), বোরহা ইগলেসিয়াস (সেল্তা ভিগো), ভিক্তর মুনোজ (ওসাসুনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা)।
