চুক্তি না হলে ইরানে আবারও মার্কিন হামলার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:০৮ পিএম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি- সংগৃহীত
ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে সামরিক হামলা শুরু করতে প্রস্তুত বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্মেলন ‘শাংগ্রি-লা সংলাপে’ বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
ওয়াশিংটন ও তেহরানের আলোচকেরা যখন একটি সমঝোতা চুক্তির পথে বড় ধরনের মতপার্থক্য দূর করার চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই পেন্টাগনপ্রধানের কাছ থেকে এমন হুমকি এল।
সিঙ্গাপুর সফরে থাকা হেগসেথ বলেন,'প্রয়োজন হলে আবারও সামরিক অভিযান শুরু করার মতো সক্ষমতা আমাদের আছে।' এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলেও তিনি সাফ জানিয়ে দেন।
বক্তব্যে পেন্টাগনপ্রধান জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তিনি বলেন,'আমরা একসঙ্গে দুটি কাজ করতে পারি। আমরা আমাদের প্রতিরক্ষাশিল্পকে আরও শক্তিশালী করছি, যেন খুব শিগগির দ্বিগুণ, তিন গুণ, এমনকি চার গুণ বেশি গোলাবারুদ উৎপাদন করা যায়। এতে বিশ্বের বিভিন্ন স্থানে আমাদের পরিকল্পিত সব সামরিক অভিযানের জন্য যথেষ্ট অর্থ ও সরঞ্জাম থাকবে।'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ধৈর্যশীল’ হিসেবে উল্লেখ করে হেগসেথ বলেন, ট্রাম্প এমন একটি চুক্তি চান, যার মধ্য দিয়ে নিশ্চিত হবে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এই যুদ্ধে ইরান ও লেবাননের কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
পরবর্তীতে এপ্রিলের শুরুতে দুই দেশের মধ্যে ৬০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। চলতি আলোচনা সফল হলে এবং নতুন চুক্তি স্বাক্ষরিত হলে এই যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে। এর ফলে দুই পক্ষের আলোচকেরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর প্রয়োজনীয় সময় পাবেন।
