ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাতে হবে : মামদানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:০৪ পিএম
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি- সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই যুদ্ধ অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান। মেয়র মামদানি ক্ষোভ প্রকাশ করে বলেন, কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়া শুরু হওয়া এই যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
এক্স বার্তায় নিউইয়র্কের মেয়র লেখেন,'তিন মাস আগে এই দিনে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার পক্ষে কেউ ভোট দেয়নি। আর এর খরচ বহন করতে হচ্ছে এমন সব মানুষকে, যাদের এই সংঘাতে কোনো ভূমিকাই ছিল না।'
মামদানি জোর দিয়ে বলেন, এই যুদ্ধের কারণে ইতিমধ্যে হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ১৩ জন আমেরিকান সৈন্য নিহত হয়েছেন, যারা আর কখনো তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন না।
তিনি আরও বলেন, মার্কিন কংগ্রেসের কোনো ভোট বা পাস ছাড়াই এই যুদ্ধ শুরু করা হয়েছে। এর ফলে সারা যুক্তরাষ্ট্রের মানুষ পেট্রোল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি প্রত্যক্ষ করছে, যা সাধারণ মানুষের পারিবারিক বাজেটকে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে।
নিউইয়র্কের মেয়র বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে হারানো প্রতিটি জীবন এবং যুক্তরাষ্ট্রের ভেতরের কর্মজীবী কোনো পরিবারের কাছ থেকে কেড়ে নেওয়া প্রতিটি ডলার মূলত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এটি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া এমন এক বড় বিলের অংশ, যা তারা নিজেরা কখনোই পরিশোধ করতে পারবে না।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি সকালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন আঞ্চলিক কয়েকটি দেশের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চলছিল, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন শুরু হয়। মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথ হামলা শুরু করার পর, ইরানও এই পদক্ষেপের একটি চূড়ান্ত, সুনির্দিষ্ট এবং আনুপাতিক জবাব দেয়।
সূত্র : ডন, এক্স
