দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন আহত
এস আর সেলিম, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তার ওপর হামলা চালায়। রবিউলের চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সেখানে উপস্থিত এলাকাবাসীসহ রবিউলের পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হয়ে কমবেশি আহত হন। পরে হামলাকারীরা এলাকা ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে।
আহতরা হলেন রবিউল ইসলাম (৩৬), তার বাবা হাফেজ প্রামাণিক (৭০), স্ত্রী তমা খাতুন (২৬), সোহেল রানা (৪৫), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা খাতুন (২৫)। আহতদের মধ্যে রবিউল ইসলাম ও তার বাবা হাফেজ প্রামাণিককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) হামলার বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে রবিউলের মামা লিয়াকত আলী মেম্বার জানান, হামলার কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘আমার ভাগনের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। রাতে হঠাৎ করেই ১০-১৫ জনের একটি সশস্ত্র দল এসে হামলা চালায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।’
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, রবিউল ইসলামের বাড়ির পাশেই পদ্মা নদী। পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় সৃষ্ট অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হতে পারে। এ ছাড়া গুলির পেছনে অন্য কোনো ব্যক্তিগত কারণও থাকতে পারে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, রাতে মরিচা ইউনিয়নে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। তাদের মধ্যে রবিউল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
