হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় জেলা সমন্বয় সভা
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি : সংগৃহীত
হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত চলমান রয়েছে। এ সময়ের মধ্যে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার খুলনা সিভিল সার্জন দপ্তরের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। তিনি বলেন, হামের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি অর্জনে গৃহভিত্তিক যাচাই কার্যক্রম জোরদার করতে হবে এবং শিশুদের টিকা গ্রহণে অভিভাবকদের আরও সচেতন করতে হবে। তিনি আরও বলেন, হাম প্রতিরোধে টিকার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে সকল পক্ষকে সক্রিয় হতে হবে।
ক্যাম্পেইন সফল করতে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। হাম-রুবেলা টিকা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব।
এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, খুলনা জেলার নয়টি উপজেলায় মোট ১ লাখ ৫৬ হাজার ৪২০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৮৯ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে।
ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
