অভয়নগরে সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:১৮ পিএম
ছবি: সংগৃহীত
যশোরের অভয়নগরের নওয়াপাড়া বাজারের সার ও সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া মাদ্রাসার পাশে তার মালিকানাধীন মার্কেটের সামনে ৭/৮ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে।
পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। হত্যার কারণ জানা যায়নি।
তিনি নওয়াপাড়া বাজারের সার আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লি. এর পরিচালক। নিহত ব্যবসায়ী আনিছুর রহমান (৬৭) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মজিদ বক্স সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ব্যবসায়িক কারণে নওয়াপাড়ায় স্থায়ীভাবে বসবাস করেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নওয়াপাড়ার বিশিষ্ট সার ও সিমেন্ট ব্যবসায়ী মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লি. এর পরিচালক আনিছুর রহমান গত বুধবার সন্ধ্যায় তার অপর মালিকানাধীন আনিছ ট্রেড হ্যালি মার্কেটের সামনে বসে ছিলেন।
এ সময় ৭/৮ জন দুর্বৃত্ত হঠাৎ করেই ধারালো অস্ত্র দিয়ে তার মুখের বাম পাশে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সঙ্গে সঙ্গে তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার উন্নতি না হলে রাত দুইটার দিকে ঢাকায় নেওয়ার পথিমধ্যে রাত আড়াইটার সময় তিনি মারা যান। এ ঘটনায় নওয়াপাড়ার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নওয়াপাড়া সার সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ শালাল হোসেন বলেন, গত বুধবার সন্ধ্যায় তার মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নওয়াপাড়ার ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে পড়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
