পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী পলাতক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা খাতুন (৩৮) সদর উপজেলার উত্তর বহেরা গ্রামের নুরুজ্জামানের কন্যা। ঘাতক স্বামী সাদ্দাম হোসেন (৪২) লক্ষ্মীদাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে।
নিহত তাসলিমার ১২ বছর বয়সী একটি কন্যা এবং ৯ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। এ ছাড়া তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহতের কন্যা সাদিয়া খাতুন জানায়, “মায়ের সাথে বাবার প্রায়ই ঝগড়া হতো। ঝগড়া হলেই বাবা ছুরি নিয়ে মাকে খুন করার হুমকি দিত। শনিবার রাতে বাবা পাশের ঘরে ঘুমিয়েছিল। রাত ১১টার দিকে বাবা এসে মাকে ডেকে অন্য ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গরুর মতো গোঙানির আওয়াজ শুনে ঘরের বাইরে আসার চেষ্টা করে দেখি বাইরে থেকে দরজায় তালা দেওয়া। তখন আমি বুঝতে পারি মাকে বাবা খুন করে পালিয়েছে।” তবে খোঁজ নিয়ে জানা যায়, ঘাতক স্বামী একজন মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। থানায় তার স্বামীকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
