ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪
মসিউর ফিরোজ, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি সীমানা পিলারসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—তালা উপজেলার কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কার গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪২) এবং বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।
পুলিশ জানায়, কলাগাছি গ্রামে ভোলানাথ সানার বসতবাড়ির পাশে মাটির নিচে একটি সীমানা পিলার রয়েছে। একটি প্রতারক চক্র ওই সীমানা পিলারটি বিক্রির চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পিলারসহ সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সীমানা পিলারসহ সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
