গণমাধ্যমের স্বাধীনতা সূচক
বিশ্বজুড়ে ২৫ বছরে সর্বনিম্ন, বাংলাদেশে আশঙ্কাজনক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আর বাংলাদেশ এক্ষেত্রে গত বছরের চেয়ে আরো তিন ধান নেমে ১৫২তম অবস্থানে রয়েছে।
আগামী ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ সামনে রেখে রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র।
আরএসএফ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ ‘কঠিন’ বা ‘অত্যন্ত গুরুতর’ পরিস্থিতিতে রয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, বিশ্বে প্রতি ১০০ জন মানুষের মধ্যে মাত্র ১ জন নির্ভরযোগ্য ও স্বাধীন গণমাধ্যম থেকে তথ্য পাচ্ছে।
এদিকে, সূচকে বাংলাদেশের অবস্থানের আরও অবনতি হয়েছে। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ এবার ১৫২তম স্থানে রয়েছে, যা গত বছর ছিল ১৪৯তম। মাত্রা বিচারে বাংলাদেশের অবস্থান লাল রঙে বা ‘আশঙ্কাজনক’ পর্যায়ে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে পাকিস্তান ও ভারতের অবস্থান ১৫৭তম। শ্রীলঙ্কা পাঁচ ধাপ এগিয়ে ১৩৪তম এবং নেপাল তিন ধাপ উন্নতি করে ৮৭তম স্থানে উঠে এসেছে।
সূচকে দেখা যায়, যুক্তরাষ্ট্রেও গত এক দশকে গণমাধ্যমের স্বাধীনতা কমেছে, বর্তমানে দেশটির অবস্থান ৬৪তম।
বিশ্বজুড়ে চলমান সংঘাত, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা এবং বিভিন্ন আইনি বাধা গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করছে বলে জানিয়েছে আরএসএফ। বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার, হয়রানিমূলক মামলা এবং অনুসন্ধানী সাংবাদিকতায় প্রতিবন্ধকতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের পরিবেশ তৈরি এবং আইনের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
