দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেলের নতুন একটি চালান দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে। ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি টার্মিনাল থেকে পাইপলাইনের মাধ্যমে এবার ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে। জ্বালানি তেলের এই চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর পর সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এ তেল এসে পৌঁছায়। এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল পাম্পিং শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী বলেন, ‘পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়া বৃহস্পতিবার রাতের মধ্যে এ পাম্পিং শেষ হয়। এ নিয়ে চলতি এপ্রিলে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো। গত মাসে ডিপোতে একই পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছিল।’
