চলন্ত নাগরদোলা ভেঙে আহত ৫ আরোহী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ নগরের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে নাগরদোলা ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে পার্কের মূল গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের বাইরের অংশে অবৈধভাবে বসানো নাগরদোলাটি চলছিল। হঠাৎ চলন্ত অবস্থায় মাঝখান থেকে নাগরদোলাটি ভেঙে নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা এক মোটরসাইকেল আরোহীর ওপর নাগরদোলার ভারী অংশটি আছড়ে পড়লে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। একই সঙ্গে নাগরদোলায় থাকা কয়েকজন আরোহীও ছিটকে পড়ে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্কের বাইরের অংশে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে এভাবে ঝুঁকিপূর্ণ রাইড স্থাপনের বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জোবায়দুল ইসলাম জানান, ‘আহত পাঁচজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ভজন সরকার (৪০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।’
দুর্ঘটনার পরপরই পার্কের দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পার্কের বাইরের অংশে দীর্ঘ দিন ধরে কোনো ধরনের প্রশাসনিক অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থার তোয়াক্কা না করেই এসব বাণিজ্যিক রাইড ও দোকানপাট পরিচালিত হচ্ছে।
বিক্ষুব্ধ জনতা জানান, শিশুদের আকৃষ্ট করতে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এসব নাগরদোলা চালানো হয়। তারা অভিযোগ করে বলেন, "জনবহুল এলাকায় এমন মরণফাঁদ বসানো হলেও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।" প্রশাসনের উদাসীনতাকেই এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে দায়ী করছেন তারা।
