সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্রের ভিডিও, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:১৫ এএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশের কারণে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তারকৃতদের জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও প্রকাশ করেছিল, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
আরো পড়ুন : মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র
তদন্তে দেখা গেছে, ভিডিওগুলোতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিরোধের দৃশ্য, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র, জনসমাগম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্য দেখানো হয়েছে। কিছু ভিডিওতে শিশুদের আবেগ ব্যবহার করে নিরাপত্তা হুমকি মনে করানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া ভিডিওতে দেশীয় সামরিক স্থাপনা ধ্বংস বা বিদেশের ঘটনা সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে বলে ভুয়া দাবি করা হয়েছে।
দেশটির পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যম বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো বা দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিপন্ন করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।
উল্লেখযোগ্য, অভিযুক্তদের মধ্যে একজন মিশর, একজন ফিলিপাইন, একজন ভিয়েতনাম, একজন পাকিস্তান, একজন ইরান, একজন বাংলাদেশ, একজন ক্যামেরুন, একজন নেপাল এবং দুইজন ভারতের নাগরিক রয়েছেন।
