ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনায় উঠে এলো ৫ গুরুত্বপূর্ণ ইস্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ এএম
ছবি : সংগৃহীত
ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। ২১ ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখন ফিরে যাচ্ছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই এক্সে এক বিবৃতিতে আলোচনার বিস্তারিত তুলে ধরেছেন।
বাঘাই লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দলের জন্য আজকের দিনটি ছিল ব্যস্ত ও দীর্ঘ। শনিবার সকাল থেকেই পাকিস্তানের মধ্যস্থতায় নিবিড় আলোচনা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে। এ সময় দুই পক্ষের মধ্যে একাধিক বার্তা ও দলিল আদান-প্রদান হয়েছে।
আরো পড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, সমঝোতা ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স
আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পেয়েছে, সেগুলোর কথাও উল্লেখ করেন তিনি। বাঘাই জানান, গত ২৪ ঘণ্টায় মূলত পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানসহ পুরো অঞ্চলে চলমান সংঘাতের অবসান।
আলোচনার ফলাফল নিয়ে ইরান সতর্ক অবস্থান নিয়েছে। বিবৃতির শেষে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বাঘাই বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে বিপরীত পক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। অতিরিক্ত দাবি ও অবৈধ অনুরোধ থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়া জরুরি।
