মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিজ কিশোরী কন্যাকে (১৬) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা। অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার ধলাযাত্রবাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খলিশাউর ইউনিয়নের গুরুয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। প্রায় ছয় মাস আগে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তার বাবা ভয়ভীতি দেখিয়ে তাকে নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনা ধামাচাপা দিতে দুই মাস আগে তাকে পুনরায় ময়মনসিংহে কাজে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় গর্ভধারণের বিষয়টি ধরা পড়ে। পরে শফিকুল ইসলাম মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনেন এবং বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
এদিকে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
