চট্টগ্রাম বন্দর
শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত
নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা বিষয়ে চট্টগ্রাম বন্দর শ্রমিক সংগঠন ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নগরীর বোট ক্লাবে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের দীর্ঘ বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।
এসময় শ্রমিকদের পক্ষ থেকে বন্দর-চেয়ারম্যানের পদত্যাগ, ১৬ কর্মচারীর বদলিসহ শাস্তি প্রত্যাহার, বন্দরের স্বার্থ-বিরোধী কোনো চুক্তি না করা এবং বিতর্কিত প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে বন্দর পরিচালনার দায়িত্ব না দেয়াসহ বেশকিছু দাবি তুলে ধরা হয়।
এসব দাবির পরিপ্রেক্ষিতে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘এখানে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সরকারের। সরকার বিষয়টি দেখছে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হবে না।’
দাবিদাওয়াগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে জানানো হবে বলেও নিশ্চিত করেন সাখাওয়াত হোসেন।
তবে এসময় উপদেষ্টা হুঁশিয়ারি দেন যে, শুক্রবার থেকে যে কোনো কর্মসূচি সরকার কঠোরভাবে দমন করবে।
বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসের পরিপেক্ষিতে শ্রমিকরা দুদিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। এর মধ্যে বন্দরের ইজারা নিয়ে সরকারের সিদ্ধান্তের পরিবর্তন না হলে এবং কর্মচারীদের শাস্তিমূলক বদলি প্রত্যাহার না করা হলে আগামী রোববার থেকে আবারো কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতৃবৃন্দ।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানান, ‘নৌ পরিবহন উপদেষ্টা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকারকে জানাবেন বলেছেন। তিনি আমাদের আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের শাস্তিমূলক বদলি আদেশ স্থগিত করবেন বলেও কথা দিয়েছেন। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুদিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছি আমরা।’
উল্লেখ্য, গত শনিবার (৩১ জানুয়ারি) থেকে সোমবার পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং মঙ্গলবার থেকে টানা অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রভাবে কার্যত দেশের প্রধান সমুদ্রবন্দরের জেটি, টার্মিনাল, শেড, ইয়ার্ডে টানা অচলাবস্থা তৈরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হলো।
