আসিফের বিরুদ্ধে দুদকে অভিযোগ সাকিবভক্তদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)- কে এক ধরণের জবরদস্তি করে অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের একদল ভক্ত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দুদক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে কার্যালয়ে জড়ো হয়। এ সময় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা কর্মকর্তাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। অফিসের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটায় এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে দুদকের সংশ্লিষ্ট বিভাগ অনেকটা বাধ্য হয়ে অভিযোগটি গ্রহণ করে।
নাম প্রকাশ না করা শর্তে দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘একদল লোক এসে কার্যালয়ের ভেতরে হট্টগোল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে দায়ের করা অভিযোগটি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যে কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। জোর করে জমা দেওয়া এই অভিযোগটি আমরা আইন অনুযায়ী যাচাই-বাছাই করবো। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া না গেলে এটি সরাসরি বাতিল করা হবে। আর অভিযোগ পাওয়া গেলে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।’
