আজও মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:২০ পিএম
রোববার (১৫ মার্চ) মোট ২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
এই পরিস্থিতির কারণে রোববার (১৫ মার্চ) মোট ২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধ থাকায় গত কয়েক দিনে ধারাবাহিকভাবে অনেক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
আরো পড়ুন : কাতার থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৪৩০ বাংলাদেশি
রোববার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, কুয়েতের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট। সব মিলিয়ে ওই দিন মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে এখন পর্যন্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০০টিতে।
