দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: সংগৃহীত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধপ্রবল দমকা হাওয়া ও বৃষ্টির কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শক্রবার (২০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিআইডব্লিউটিএ এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ার কারণে নদীতে বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় নৌপথটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রীনিরাপত্তা নিশ্চিত করতে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে লঞ্চ চলাচল স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে এলে পুনরায় লঞ্চ সার্ভিস চালু করা হবে।
লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, লঞ্চ বন্ধ থাকলেও এই রুটে ফেরি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিসি-এর দৌলতদিয়া ঘাট কার্যালয়ের এজিএম মোহাম্মদ সালাউদ্দিন জানান, লঞ্চ না পেয়ে ঘাটে আসা যাত্রীরা বিকল্প হিসেবে ফেরিতে চড়ে নদী পার হচ্ছেন।
বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং নদীর পানি উত্তাল থাকায় ঘাট এলাকায় সতর্কাবস্থা জারি করা হয়েছে।
