×

খেলা

হাতাহাতির ঘটনা নিয়ে মুখ খুললেন রিয়াল তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০১:৩৯ পিএম

হাতাহাতির ঘটনা নিয়ে মুখ খুললেন রিয়াল তারকা

ছবি- সংগৃহীত

বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। মাঠের পারফরম্যান্সে বাজে অবস্থা স্প্যানিশ এই ক্লাবটির। এরই মধ্যে দুই ফুটবলার অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দের হাতাহাতির খবর বেরিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন ভালভার্দে।

পরশু অনুশীলনে চুঁয়ামেনি ও ভালভার্দের মধ্যে হাতাহাতি হয়েছে বলে জানা গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক ফাউলের ঘটনাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠেই একে অপরকে ধাক্কা দিয়েছেন। আলোচিত এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিশাল এক পোস্ট দেন ভালভার্দে। উরুগুয়ের এই মিডফিল্ডার ইনস্টাগ্রামে লেখেন, ‘গতকাল (গত পরশু) প্রশিক্ষণে আমার এক সতীর্থের সঙ্গে একটি ঘটনা ঘটেছে। ক্লান্তি ও হতাশাজনক পরিস্থিতি থেকে হয়। স্বাভাবিকভাবে একটি ড্রেসিংরুমে এমন ঘটনা ঘটতেই পারে এবং সাধারণত আমাদের মধ্যেই মিটে যায়। বাইরে আসে না। কিন্তু স্পষ্টতই কেউ একজন এর পেছনে ছিল, যে দ্রুত ঘটনাটি ছড়িয়ে দিয়েছে।’

চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই কপাল ফেটেছে ভালভার্দের। তাতে করে ফের চুয়ামেনি-ভালভার্দের মারামারি নিয়ে আলোচনা জোরালো হয়ে ওঠে। ভালভার্দের দাবি, এবার চুয়ামেনির সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটেনি। রিয়াল মিডফিল্ডার ইনস্টাগ্রামে লেখেন, ‘আজ (গতকাল) আমাদের মধ্যে আরেকবার মতবিরোধ হয়েছিল। সেই আলোচনার সময় আমি ভুলবশত একটি টেবিলে আঘাত করি। ফলে আমার কপালে সামান্য কেটে যায় এবং নিয়মিত চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়। কোনো সময়ই আমার সতীর্থ আমাকে আঘাত করেনি। আমিও তাকে আঘাত করিনি।’

চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনায় অনুতপ্ত ভালভার্দে। একই সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে সামাজিক মাধ্যমে হাতাহাতির ঘটনাকে অনেকে অতিরঞ্জিত করেছেন। ভালভার্দে বলেন, ‘এটি ছিল নানা ঘটনার জমে থাকা ফল, যা শেষ পর্যন্ত একটি অর্থহীন ঝগড়ায় রূপ নেয়। এতে আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সন্দেহের সুযোগ তৈরি হয়েছে এবং যাঁরা গল্প বানায়, অপবাদ দেয় ও একটি দুর্ঘটনাকে অতিরঞ্জিত করে তোলে—তাঁরাই লাভবান হয়েছেন। আমার কোনো সন্দেহ নেই যে ফুটবল মাঠের বাইরে বা ভেতরে এমন সংঘর্ষ হতে পারে এবং পরে তা শেষও হয়ে যায়।স্টেডিয়ামের ভেতরে যদি আমাকে তাকে রক্ষা করতে হয়, আমি সবার আগে তা করব।’

স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—২০২৩-২৪ মৌসুমে ট্রেবল জয়ের পর অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে রিয়াল। গত মৌসুমে কোনো মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। এবারও তাদের একই অবস্থা হওয়ার দশা। দল যখন বাজে অবস্থার মধ্য দিয়ে যায়, তখন সামান্য ঘটনা অনেক বড় আকার ধারণ করে বলে উল্লেখ করেছেন ভালভার্দে।

সামাজিক মাধ্যমে আসল ঘটনার চেয়ে নেতিবাচক ঘটনা শুনে মজা পান বলে মনে করেন ভালভার্দে। রিয়াল তারকা মিডফিল্ডার বলেন, ‘আমি বুঝি মানুষ হয়তো বিশ্বাস করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে যে আমরা হাতাহাতি করেছি বা এটি ইচ্ছাকৃত ছিল। কিন্তু এমন কিছু ঘটেনি। ট্রফিবিহীন একটি মৌসুমে যেখানে মাদ্রিদ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু, সেখানে সবকিছুই অতিরঞ্জিত হয়ে যায়। আমি সত্যিই দুঃখিত। কারণ এই পরিস্থিতি আমাকে কষ্ট দিচ্ছে আর আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাও আমাকে ব্যথিত করছে। মাদ্রিদ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, তাই আমি এ বিষয়ে উদাসীন থাকতে পারি না।’

বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে এবার স্প্যানিশ সুপার কাপ খুইয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে থেকেও আগেভাগে ছিটকে গেছে লস ব্লাঙ্কোসরা। লা লিগায় তারা আর এক ম্যাচ হারলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। দুইয়ে থাকা রিয়াল ৩৪ ম্যাচে পেয়েছে ৭৭ পয়েন্ট। টুর্নামেন্টে প্রত্যেক দল ৩৮টি করে ম্যাচ খেলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়

মির্জা ফখরুল সাহিত্যের সর্বক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিচরণ ছিল দৃঢ়

নোট-গাইডের নির্ভরতা কমাতে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

নোট-গাইডের নির্ভরতা কমাতে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক নীতি ‘অবৈধ’ ঘোষণা করল মার্কিন আদালত

ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক নীতি ‘অবৈধ’ ঘোষণা করল মার্কিন আদালত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App