×

জাতীয়

‘সংবিধান সংশোধন হয়, বাতিলও হয়, সংস্কার হয় না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম

‘সংবিধান সংশোধন হয়, বাতিলও হয়, সংস্কার হয় না’

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইন বিষয়ে ধারণার সংকট থেকেই বিরোধীদল বারবার সংবিধান সংস্কারের কথা বলে- যা বাস্তবে কখনোই সম্ভব নয়। কেননা, সংবিধান সংশোধন হয়, বাতিলও হয়, কিন্তু সংবিধানের কোনো সংস্কার হয় না।

রোববার (৫ এপ্রিল) জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পয়েন্ট অব অর্ডারে দেয়া ভাষণের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের এমন কিছু প্রস্তাব আছে, যেগুলো কোনোভাবেই বিএনপি মেনে নিতে পারে না। যেমন তারা চান সংবিধানে ৭১ ও ২৪ এক সারিতে স্থান দেওয়া হোক- যা কোনোভাবেই সম্ভব নয়। ৭১ আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, আমাদের অস্তিত্ব- যার সঙ্গে আর কিছুরই তুলনা হয় না, হতে পারে না।

৭২-এর সংবিধান নিয়ে বিরোধীদলের অসহিষ্ণুতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের কাছে বাংলাদেশের প্রথম সংবিধান পরাজয়ের গ্লানি- তাদের এটা নিয়ে সমস্যা থাকাই স্বাভাবিক।

৭২-এর সংবিধানে স্বাধীনতাবিরোধীদের শাস্তির বিধান ছিলো উল্লেখ করে তিনি বলেন, তখকার ‘কোলাবোরেটর’ যারা তারা এটা সহ্য করতে না পারারই কথা।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে কমিটি গঠনের প্রস্তাব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা নিয়ে বিরোধীদলের কোনো মাথাব্যথা নেই, তারা তথাকথিত সেই রাষ্ট্রপতির আদেশের ওপর ভর করে গায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চান। অথচ ৭৩ সালের এপ্রিলে সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা লাঘবে পর থেকে অদ্যাবধি রাষ্ট্রপতির কোনো আদেশ জারির ক্ষমতাই নেই। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির আদেশের নামে একের পর এক মিথ্যাচার জাতির ওপর চাপিয়ে দিয়েছিলো- যেগুলো সংসদে পাশ না হওয়া পর্যন্ত একটিরও নূন্যতম মূল্য নেই।

বিরোধীদলের সদস্যদের প্রায়শই বেগম খালেদা জিয়ার ‘জনগণের সরকার ক্ষমতায় এলে এই সংবিধান ছুড়ে ফেলা হবে’ বক্তব্যটির রেফারেন্স দেওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার সেই বক্তব্য ছিলো একটি ‘মেটাফোর’, যা তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করার সেই পঞ্চম সংশোধনী নিয়ে বলেছিলেন। বিএনপি বেগম জিয়ার সেই কথার ওপর শতভাগ সম্মান রেখেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে কিছু জুড়ে দিলেই তা সত্য বলে প্রতিষ্ঠিত করা যায় না। সংবিধানে ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা হিসেবে স্থান দিলেও পুরো বিশ্ব জানে, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সেটা তিনি ২৬ মার্চ তারিখে দিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি প্রথম দল হিসেবে জুলাই সনদে স্বাক্ষর করেছিলো, এনসিপির মতো নির্বাচনের পরে নয়। আর তাই বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। তবে সেটা অবশ্যই অন্তর্বর্তী সরকারের মতো জোর করে জনগণের ওপর চাপিয়ে দেওয়ার মতো নয়- বিএনপি পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে তবেই জুলাই সনদ বাস্তবায়ন করবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে

দেশের সকল নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রদান করা হবে

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

৩ মে থেকে দেশজুড়ে হামের টিকা ক্যাম্পেইন

ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিল ইরান

ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিল ইরান

চট্টগ্রামে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App