প্রথম দিনেই হজে গেলেন ২৮১২ বাংলাদেশি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনের ফ্লাইটে বাংলাদেশ থেকে মোট ২ হাজার ৮১২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ বুলেটিন সূত্রে জানা গেছে, প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে ১ হাজার ৬৪৭ জন এবং সৌদিয়ার তিনটি ফ্লাইটে ১ হাজার ১৬৫ জন যাত্রী সৌদি আরব গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।
এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার জন্য মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
এ পর্যন্ত মোট ৭৮ হাজার ১৩৯ জন হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। হজযাত্রী পরিবহনেবিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০০টি ফ্লাইট, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস পরিচালনা করবে ৩০টি ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
