বিমান ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম
ছবি : সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় জার্মান রাষ্ট্রদূত জানান, বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশে অ্যারোডাটা (Aerodata) কোম্পানির মাধ্যমে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানের আগ্রহের কথাও উল্লেখ করেন।
জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাৎটি দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বিমান খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
