×

জাতীয়

রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযান জোরদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম

রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযান জোরদার

ছবি : সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ‘ব্লক রেইড’ অভিযান জোরদার করেছে পুলিশ। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি তালিকাও প্রস্তুত করা হচ্ছে। খবর বাসসের

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং অপরাধ নিয়ন্ত্রণে এটি অব্যাহত থাকবে।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত ব্লক রেইড পরিচালনার মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

দেশজুড়ে সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিএমপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান সংশ্লিষ্টরা।

সম্প্রতি ডিএমপি’র তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর, শের-ই-বাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা ও হাতিরঝিল থানার বিভিন্ন স্পটে এই অভিযান চালানো হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে রাজধানীতে ৯ হাজার ২৫৯ জনকে গ্রেপ্তার এবং ১ হাজার ৩০৫টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ১১টি থানায় ২ হাজার ৬২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মোহাম্মদপুরে ৬৭৪, হাজারীবাগে ৪৯৪, নিউমার্কেটে ৫১, মিরপুরে ৪৬৯, শাহবাগে ১৫৯, বংশালে ১৩২, লালবাগে ১২৮, উত্তরা পশ্চিমে ২৩৪, ধানমন্ডিতে ৬৭, বাড্ডায় ১১৫ এবং মতিঝিলে ১০২ জন গ্রেপ্তার হন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, ধারাবাহিক অভিযান এবং প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। জনগণের সহযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডিএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের একটি ডাটাবেইস তৈরি করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খুন, অর্থপাচার, সাইবার অপরাধ, জালিয়াতি, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ ও ফরেনসিক বিশ্লেষণের মতো বিশেষায়িত ক্ষেত্রে কাজ করছে। সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, ফেব্রুয়ারি ও মার্চে ৭ জনকে গ্রেপ্তার এবং ৬টি মামলা করা হয়েছে, যার মধ্যে দুটি মানিলন্ডারিং সংক্রান্ত।

র‌্যাবও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, অবৈধ অস্ত্র, দালাল চক্র ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে। তাদের তথ্যমতে, ফেব্রুয়ারিতে ৬২৭ জন এবং মার্চে ৮৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যথাক্রমে ৪৪ ও ৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অন্যদিকে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি সক্রিয় রয়েছে। প্রয়োজনে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও তারা সহায়তা করছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মার্চ মাসে ১৬৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তারাও বলছেন, নিয়মিত অভিযান ও নজরদারির ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, মার্চ মাসে ৬৭৩ জনকে গ্রেপ্তার এবং ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি হত্যা মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, অপরাধ দমনে একাধিক টিম কাজ করছে এবং কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের এলাকায় পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ।

বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন উদ্যোগে পরিস্থিতির উন্নতি হচ্ছে। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামানও জানান, এলাকায় পরিস্থিতি ভালো থাকলেও আরও উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী

এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী

সরকারী ঘর বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

সরকারী ঘর বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App