পররাষ্ট্রমন্ত্রী
ভিসা জট কাটাতে ভারতের সঙ্গে জোর আলোচনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনা ও উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করতে উদ্যোগ ইতোমধ্যে কার্যকর পর্যায়ে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এই সম্পর্কের পেছনে রয়েছে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা।
তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ভিসা জটিলতা নিরসনের বিষয়ে মন্ত্রী জানান, এ নিয়ে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। আলোচনার ইতিবাচক ফল দ্রুতই পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
