ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল ৯টা থেকে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি থাকবে। এরপর বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭৮৫। প্রথম দিন বুধবার (এপ্রিল) ভোট দিয়েছেন ২ হাজার ৭৫৯ জন। অর্থাৎ প্রায় ১৩ দশমিক ২৭ শতাংশ সম্পন্ন হয়েছে। ফলে এখনো প্রায় ৮৬ দশমিক ৭৩ শতাংশ ভোট বাকি রয়েছে।
সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন বলেন, 'প্রথম দিনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দিনেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশা করছেন তারা।'
ভোট দিতে আসা আইনজীবীরা বলছেন, 'দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় সবার মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছেন।'
অ্যাডভোকেট নাসরিন সুলতানা বলেন, 'দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আশা করি, শেষ পর্যন্ত একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ফলাফল আসবে। আমরা চাই, নির্বাচিতরা আইনজীবীদের কল্যাণে কাজ করবেন।'
সমিতি কার্যালয় সূত্র জানায়, সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন প্রার্থী। প্রতি বছরের রেওয়াজ অনুযায়ী ফেব্রুয়ারির শেষ দুই তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। প্রায় ১৪ মাস পর নির্বাচন হওয়ায় আইনজীবীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে।
সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
