গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ: স্পিকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:৩০ পিএম
ছবি: সংগৃহীত
দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রকে অর্থবহ করতে রাষ্ট্রের ব্যুরোক্রেসিকে সঠিক ভূমিকা পালন করতে হবে। আগামী দিনগুলোতে আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
সোমবার (৪ মে) জাতীয় সংসদের শপথ কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব কথা জানানো হয়।
স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ অত্যন্ত গণতন্ত্রকামী। সাধারণ মানুষের অনেক রক্তক্ষয়ী ত্যাগ তিতিক্ষার পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে।
১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য। একাত্তরের বাংলাদেশ বাঙালি জাতির অসীম সাহস ও আত্মত্যাগের পরিচয় বহন করে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য দেন। জেলাপ্রশাসকদের পক্ষ থেকে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলার জেলাপ্রশাসক নাজমা আশরাফী, বগুড়ার জেলাপ্রশাসক মো. তৌফিকুর রহমান এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার এ এন এম বজলুর রশীদ। এ সময় ধন্যবাদসূচক বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র। গণতান্ত্রিক বিতর্ক সংসদকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। সংসদ থেকে প্রণীত আইন নির্বাহী বিভাগ বাস্তবায়ন করে।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, জেলাপ্রশাসকরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করে। কেন্দ্রীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নে মাঠ প্রশাসনে জেলাপ্রশাসকদের ভূমিকা অর্থবহ।
