‘সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব এখন অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে। তারা নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।’
ডা. জাহেদ বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একসময় নাজুক ছিল। সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর মাঠে উপস্থিতি জনগণের মধ্যে আস্থার প্রতীক এবং অপরাধ দমনে একটি ‘ডিটারেন্ট’ বা প্রতিরোধমূলক ভূমিকা পালন করেছে। তবে নির্বাচনের আগে ও পরের পরিস্থিতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।’
তিনি জানান, সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারতো, কিন্তু বর্তমানে তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে প্রথম দফায় ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে দফায় দফায় এই মেয়াদের সময়সীমা বাড়ানো হয়েছে। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বহাল থাকার কথা জানানো হয়েছিলো।
