নাহিদ ইসলাম
হামে আর একটি শিশুর মৃত্যুও দেখতে চাই না
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, দেশে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক। তিনি বলেন, “হামের কারণে আর কোনো শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না। সরকারকে দ্রুত চিকিৎসা সেবা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।”
বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে এনসিপিতে নতুন সদস্য অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। তার মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ উঠেছে, যা আঞ্চলিক প্রভাব ফেলতে পারে। এ কারণে বাংলাদেশের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সাম্প্রদায়িক উসকানি ও বিভ্রান্তি ছড়ানোর যেকোনো চেষ্টা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পরে নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
