হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে ফরাসি রণতরী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি- সংগৃহীত
অবরুদ্ধ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে ফ্রান্সের পারমাণবিক শক্তিচালিত রণতরী ‘চার্লস দ্য গল’। ফ্রান্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনায় কার্যত বন্ধ হয়ে যাওয়া এই জলপথে সম্ভাব্য প্রতিরক্ষামূলক মিশনের প্রস্তুতির অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় জানায়, যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। নৌ চলাচল স্বাভাবিক করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দিচ্ছেন। তবে তাদের দাবি, এই মিশন পুরোপুরি রক্ষণাত্মক হবে এবং যুদ্ধ শেষ হওয়ার পরই এটি কার্যকর করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, এই উদ্যোগ জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলোর আস্থা ফেরাতে সহায়ক হবে। তিনি স্পষ্ট করেন, এটি যুদ্ধরত পক্ষগুলোর বাইরের একটি পৃথক উদ্যোগ।
ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন ম্যাক্রোঁ। বিষয়টি নিয়ে শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনার কথা রয়েছে তার।
ফরাসি প্রেসিডেন্সির এক কর্মকর্তা জানান, প্রস্তাব অনুযায়ী ইরানকে প্রণালিতে জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হতে পারে। বিনিময়ে তেহরান পারমাণবিক ও আঞ্চলিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে। একইভাবে যুক্তরাষ্ট্রও অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে ইরানের কাছ থেকে আলোচনার প্রতিশ্রুতি পাবে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প বুধবার আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেও নতুন করে বোমা হামলার হুমকি দিয়ে রেখেছেন। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা এখনো পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা প্রস্তাবটির জবাব দেয়নি; নথিপত্র পর্যালোচনা করে দেখা হচ্ছে।
