পররাষ্ট্র উপদেষ্টা
‘বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:১০ পিএম
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না।
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি।
হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর (ভয়) দেখানোর মতো জায়গা নেই। যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের সঙ্গে এখনও অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ইস্যুটি পশ্চিমবঙ্গের আগের সরকারের সময় ঝুলে ছিল। সরকার গড়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে বিএসএফকে জমি দেয়ার অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি বুঝে দেয়া হবে।
সে বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ঢাকা। বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না।
এসময় উঠে আসে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর প্রসঙ্গ। এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সফরে তিস্তা ইসুতে ভালো অগ্রগতি হয়েছে। চায়নার এক্সিম ব্যাংক অর্থায়ন করবে বলেও জানান তিনি। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
